চট্টগ্রামে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের দায়িত্ব পালন শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আহত আরেক আনসার সদস্যের মৃত্যু হয়েছে। এ নিয়ে একই দুর্ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়াল দুইজন।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে কর্ণফুলী টানেল এলাকায় ২৩ জন সদস্য বহনকারী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের রেলিংয়ে আঘাত হানে। ঘটনাস্থলেই আনসার সদস্য মো. আব্দুল জব্বার নিহত হন। দুর্ঘটনায় আহতদের দ্রুত চট্টগ্রামের বিএনএস হাসপাতালে ভর্তি করা হয়।
আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আইসিইউতে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুর ২টা ৪০ মিনিটে আনসার সদস্য সুলতান মিয়া মারা যান।
নিহত সুলতান মিয়া শেরপুর সদর উপজেলার পাকুরিয়া গ্রামের বাসিন্দা। তিনি সিএমএ দক্ষিণ জোনের পেট্রোল বাংলা আনসার গার্ডে দায়িত্ব পালন করছিলেন।
পরপর দুই সদস্যের মৃত্যুতে আনসার বাহিনীতে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক নিহত সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। একই সঙ্গে আহত সদস্যদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।
উল্লেখ্য, নির্বাচনী দায়িত্ব শেষে সদস্যদের কর্মস্থলে ফেরার সময় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে বলে জানা গেছে।
এসআর