কোনো নেতাকর্মীর বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে এক মুহূর্ত দেরি না করে দলীয়ভাবে ব্যবস্থা নেওয়া হবে এবং তাকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করা হবে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়নের ভাউলাগঞ্জ বাজারে এক পূর্বঘোষিত পথসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, জনগণের ভোটে নির্বাচিত হয়েই তারা সরকার গঠন করেছেন। তাই কোনো নেতাকর্মী অপকর্মে জড়ালে তার দায় দল নেবে না। এমনকি প্রধানমন্ত্রীও সেই দায় গ্রহণ করবেন না। ব্যক্তিগতভাবে তিনিও কোনো অনিয়ম বা অন্যায়ের দায় বহন করবেন না বলে স্পষ্ট করেন।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, অতীতে কেউ ভুল বা অন্যায় করে থাকলে আত্মসমালোচনার মাধ্যমে নিজেকে সংশোধন করতে হবে। ক্ষমতা স্থায়ী নয় উল্লেখ করে তিনি বলেন, সংসদ সদস্য বা মন্ত্রিত্ব পাঁচ বছরের জন্য। এরপর আবার জনগণের কাছেই যেতে হয়। তাই ক্ষমতার দম্ভ দেখানোর সুযোগ নেই।
তিনি আরও বলেন, চেয়ারম্যান, মেম্বার বা যে পদেই থাকুন না কেন, সাধারণ মানুষের ভোটের মূল্য সবার সমান। কারও বিরুদ্ধে অভিযোগ এলে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলেও সতর্ক করেন তিনি।
এবি