চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার বড়উঠান এলাকায় হামলার ঘটনায় বিএনপির অঙ্গসংগঠনের আটজন নেতাকর্মী আহত হয়েছেন। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) তারাবির নামাজের পর ফাজিল খার হাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে রয়েছেন উপজেলা যুবদলের সদস্য শাহেদুল আলম টিটু, বড়উঠান ইউনিয়ন কৃষকদলের সদস্য মঞ্জুর আলম, ছাত্রদল নেতা মো. ইমন, যুবদল নেতা মো. ফারুক, মানিক, ছাত্রদল নেতা মো. রিয়াদ, মো. রাকিবসহ আরও একজন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দৌলতপুর দীঘির পাড় ৩ নম্বর ওয়ার্ড কেন্দ্রে এক হিন্দু ভোটারকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। ওই ঘটনার জের ধরে শুক্রবার রাতে তারাবির নামাজের পর সংঘর্ষের ঘটনা ঘটে বলে অভিযোগ।
বিএনপির নেতাদের দাবি, স্থানীয় জামায়াতের যুব সংগঠনের এক নেতার নেতৃত্বে সশস্ত্র হামলা চালানো হয়। এতে যুবদল ও ছাত্রদলের আটজনের বেশি নেতাকর্মী আহত হন। আহতদের আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। গুরুতর আহত তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার পর ফাজিল খার হাট বাজারসংলগ্ন পিএবি সড়কে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা প্রতিবাদ মিছিল করেন। পরে কর্ণফুলী জোন পুলিশের সহকারী কমিশনার (এসপি) ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
দক্ষিণ জেলা বিএনপির সদস্য এস এম ফারুক হোসেন বলেন, নির্বাচনের ঘটনার জেরে এই হামলা হয়েছে বলে তাঁদের ধারণা। তিনি জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান।
কর্ণফুলী জোনের সহকারী কমিশনার (এসপি) মো. জামাল উদ্দীন চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ইখা