দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় শায়েলা পারভীন (৩৩) নামে এক স্বামী পরিত্যক্তা নারী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাতে উপজেলার ৩ নম্বর গোলাপগঞ্জ ইউনিয়নের কামালপুর কালাইচড়া গ্রামে বাবার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত শায়েলা ওই গ্রামের সরোয়ার উদ্দিনের মেয়ে।
নিহতের মা আকতারা বানু জানান, রাত নয়টার দিকে সবার সঙ্গে খাবার খেয়ে শায়েলা ঘুমাতে যান। শায়েলা ও তাঁর মেয়ে সাধারণত একই ঘরে থাকতেন। তবে ওই রাতে নাতনি তাঁর নানির (আকতারা বানু) সঙ্গে ঘুমায়। সকালে শায়েলাকে ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে পরিবারের লোকজনের সন্দেহ হয়। পরে জানালা দিয়ে উঁকি দিয়ে দেখেন, তিনি ঘরের তিরের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলছেন। তাৎক্ষণিকভাবে বিষয়টি স্থানীয়দের জানানো হলে তাঁরা পুলিশে খবর দেন।
খবর পেয়ে নবাবগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে নবাবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) নুরুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আত্মহত্যার সঠিক কারণ জানতে তদন্ত চলছে।
এনআই