আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে কিশোরগঞ্জের ভৈরবে আয়োজিত জনসভায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ভোটের দিন এবার তাহাজ্জুতের সময় উঠে ভোটকেন্দ্রে যেতে হবে। ফজরের নামাজ পড়ে ভোটকেন্দ্রে চলে যেতে হবে লাইন দিতে হবে। এবারও একটি দলের ষড়যন্ত্র শুরু করেছে। মহিলাদের, মা-বোনদের আইডি কার্ডের নাম্বার নিচ্ছে, বিকাশ নাম্বার নিচ্ছে। ৭১ সালে যারা মা-বোনের সম্মানহানি করেছে তারা এই কাজগুলি করছে পত্রিকায় খবর উঠেছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাত ৮টায় পবিত্র কুরআন তিলাওয়াতের মধ্য দিয়ে ভৈরব পৌর স্টেডিয়ামে এই নির্বাচনী জনসভার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। বিকেল থেকেই কিশোরগঞ্জ জেলার ১৩টি উপজেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে দলীয় অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সমাবেশস্থলে জড়ো হতে থাকেন। সন্ধ্যার মধ্যেই স্টেডিয়াম এলাকা জনসমুদ্রে পরিণত হয়।
এ সময় তারেক রহমান আরও বলেন, ষড়যন্ত্রকারীর বিরুদ্ধে আমাদের সজাগ থাকতে হবে। আমি যাদের দায়িত্ব দিয়েছি তাদেরকে ধানের শীষে ভোট দিয়ে জয়ী করে দেশ গড়ার শপথ নিতে হবে। দেশের মালিক জনগণ, জনগণেই সিদ্ধান্ত নিতে হবে কারা দেশ চালাবে।
কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনের বিএনপি প্রার্থী মো. শরিফুল আলমের সভাপতিত্বে সভায় জেলার শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে রাত প্রায় সাড়ে ১২টায় প্রধান অতিথি হিসেবে মঞ্চে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
তারেক রহমান বিগত ১৫ বছরের রাজনৈতিক পরিস্থিতির কথা উল্লেখ করে বলেন, দীর্ঘ ১৫ বছর মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে, মিথ্যা মামলা ও গুমের সংস্কৃতি চালানো হয়েছে। ২০২৪ সালের ৫ই আগস্ট মানুষ রাস্তায় নেমেছিল তাদের অধিকার ফিরে পাওয়ার দাবিতে। সেই অধিকার আগামী ১২ তারিখ ভোটের মাধ্যমে প্রতিষ্ঠা করতে হবে।
বক্তব্য শেষে তারেক রহমান কিশোরগঞ্জ জেলার ৬টি সংসদীয় আসনের দলীয় মনোনীত প্রার্থীদের মঞ্চে পরিচয় করিয়ে দেন এবং তাদের প্রত্যেকের জন্য ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন। তিনি বলেন, যতবার ধানের শীষ জয়ী হয়েছে, ততবারই জনগণের ভাগ্য পরিবর্তন হয়েছে।
ইখা