আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে প্রশাসন সম্পূর্ণ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, নির্বাচনকে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক করতে সর্বোচ্চ সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হচ্ছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে বরিশাল শিল্পকলা একাডেমি মিলনায়তনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে বিভাগের প্রতিটি জেলা ও উপজেলার কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, নির্বাচন উপলক্ষে সারাদেশে প্রায় ১ লাখ সেনাবাহিনী সদস্য, দেড় লাখ পুলিশ, ৩৭ হাজার বিজিবি, ১০ হাজার র্যাব, ৫ হাজার নৌবাহিনী সদস্য, প্রায় ৫ হাজার কোস্ট গার্ড এবং প্রায় ৬ লাখ আনসার সদস্য মোতায়েন করা হবে।
তিনি বলেন, “নির্বাচন ও গণভোটকে শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক ও উৎসবমুখর করতে আমরা সবাই প্রস্তুত। সেই লক্ষ্যে আমাদের প্রস্তুতিও সন্তোষজনক।”
প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “এবার নির্বাচনে প্রশাসন একেবারেই নিরপেক্ষভাবে কাজ করছে এবং ভবিষ্যতেও নিরপেক্ষভাবেই দায়িত্ব পালন করবে।” তিনি আরও জানান, ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রগুলোতে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন থাকবে।
সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। এ সময় বিভাগীয় ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ইখা