নির্বাচন–পরবর্তী সময়ে দলের নাম ব্যবহার করে চাঁদাবাজি বা ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ পেলে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন কক্সবাজার জেলা বিএনপির অর্থসম্পাদক মো. আবদুল্লাহ। একই সঙ্গে সুনির্দিষ্ট তথ্য দিয়ে সহায়তা করলে পুরস্কার দেওয়ার কথাও জানিয়েছেন তিনি।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ ঘোষণা দেন মো. আবদুল্লাহ।
পোস্টে তিনি উল্লেখ করেন, উখিয়া–টেকনাফ (কক্সবাজার–৪) আসনে দলীয় প্রার্থীর বিজয়ের পর কেউ যদি সেই জয়কে পুঁজি করে দলের নাম ব্যবহার করে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আদায় বা ভয়ভীতি প্রদর্শনের চেষ্টা করে, তা কোনোভাবেই বরদাশত করা হবে না।
তিনি আরও বলেন, “দলের ক্ষমতা ব্যবহার করে কেউ এ ধরনের অপকর্মে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তাকে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়া হবে।”
সঠিক প্রমাণসহ চাঁদাবাজদের বিরুদ্ধে তথ্য দিলে সংশ্লিষ্ট ব্যক্তিকে পুরস্কৃত করা হবে বলেও জানান তিনি।
এ বিষয়ে জানতে চাইলে মো. আবদুল্লাহ বলেন, ‘নির্বাচন পরবর্তী সময়ে এলাকায় স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে সহিংসতা ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। তিনি দলীয় নেতা–কর্মী ও এলাকাবাসীর প্রতি আহ্বান জানান, আইন নিজের হাতে তুলে না নিয়ে যেকোনো অভিযোগ সরাসরি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর জন্য।
জনগণের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান তিনি।
ইখা