পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবসকে ঘিরে কক্সবাজারের চকরিয়ায় তিন দিনে প্রায় ২ কোটি টাকার ফুল বিক্রি হয়েছে। উপজেলার বরইতলী এলাকার ফুলবাগান ও আড়তগুলোতে এ সময় ফুলের ব্যাপক চাহিদা দেখা গেছে।
ফুলের কাঙ্ক্ষিত দাম পাওয়ায় হাসি ফুটেছে চাষিদের মুখে। চলতি বছর বরইতলীতে গোলাপ ও গ্লাডিওলাস চাষ হয়েছে প্রায় ৫০ একর জমিতে। বসন্ত উৎসব ও ভালোবাসা দিবসকে কেন্দ্র করে প্রতি বছরই এ সময় ফুলের বাজার চাঙা থাকে।
এবার এর সঙ্গে যুক্ত হয়েছে ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনে প্রার্থীদের বরণ, পথসভা ও বিজয় মিছিলে ফুলের চাহিদা বেড়ে যায়। ফলে ফুলের দাম ঊর্ধ্বমুখী ছিল এবং বিক্রিও হয়েছে সন্তোষজনক।
বরইতলীর ফুলচাষি মোহাম্মদ আজিজ জানান, তিনি এক একর জমিতে গোলাপ চাষ করেছেন। এতে তার খরচ হয়েছে প্রায় তিন লাখ টাকা। গত তিন মাসে তিনি তিন লাখ টাকার ফুল বিক্রি করেছেন। বাগান থেকে প্রতি গোলাপ ১০ থেকে ১২ টাকা এবং গ্লাডিওলাস ২০ টাকায় বিক্রি হচ্ছে। ভালোবাসা দিবস উপলক্ষে অনেকেই সরাসরি বাগান থেকে ফুল কিনে নিয়ে গেছেন।
বরইতলী এলাকার সড়কের মাথায় আলভি ফুল আড়তের স্বত্বাধিকারী মোজাম্মেল হক জানান, তার দোকান থেকে দুই দিনে প্রায় চার লাখ টাকার ফুল বিক্রি হয়েছে। তবে নির্বাচনকে কেন্দ্র করে যান চলাচলে কিছুটা সমস্যা হওয়ায় কিছু ক্ষতি হয়েছে বলে জানান তিনি।
ফুল ব্যবসায়ীদের দাবি, বরইতলী থেকে বিক্রি হওয়া ফুল দেশের বিভিন্ন জেলার পাশাপাশি বিদেশেও রপ্তানি করা হয়। বর্তমানে ফুলের চাহিদা আরও বাড়ছে বলে জানান তারা।
ইখা