কুমিল্লার লালমাই উপজেলায় রেললাইনের পাশে দাঁড়িয়ে মোবাইল ফোনে কথা বলার সময় ট্রেনে কাটা পড়ে এক অটোরিকশাচালকের মৃত্যু হয়েছে।
রবিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার বাগমারা রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মো. মহিন উদ্দিন (৩২)। তিনি পাশের বরুড়া উপজেলার শিলমুড়ী ইউনিয়নের চেঙ্গাহাটা গ্রামের শহিদুল ইসলামের ছেলে। পেশায় তিনি অটোরিকশাচালক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মহিন উদ্দিন রেললাইনের একেবারে কাছাকাছি দাঁড়িয়ে মোবাইল ফোনে কথা বলছিলেন। এ সময় একটি দ্রুতগামী ট্রেন চলে আসলেও তিনি তা খেয়াল করেননি। মুহূর্তের মধ্যে ট্রেনের ধাক্কায় তিনি লাইনের ওপর ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ভিড় জমায়। পরে রেলওয়ে পুলিশ সেখানে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
রেলওয়ে পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে অসতর্কতার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।
ইখা