ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সরকার গঠনের প্রস্তুতি শুরু করেছে। এ পরিস্থিতিতে চট্টগ্রাম–১৩ (আনোয়ারা–কর্ণফুলী) আসন থেকে টানা চারবার নির্বাচিত সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার দাবি তুলেছেন স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সমর্থকেরা।
নির্বাচনে সরওয়ার জামাল নিজাম ১ লাখ ২৫ হাজার ৪৬০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এর মধ্য দিয়ে তিনি চতুর্থবারের মতো এ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হলেন।
দলীয় নেতাকর্মীদের দাবি, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও সাংগঠনিক ভূমিকার কারণে সরওয়ার জামাল নিজাম আসন্ন মন্ত্রিসভায় স্থান পাওয়ার যোগ্য। তাঁরা মনে করছেন, দক্ষিণ চট্টগ্রামে অভিজ্ঞ নেতৃত্ব হিসেবে তাঁকে অন্তর্ভুক্ত করা হলে সরকারের কার্যক্রমে ইতিবাচক প্রভাব পড়বে।
আনোয়ারা উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক মো. ইউনুস চৌধুরী বলেন, “বিপুল ভোটে চতুর্থবার নির্বাচিত হয়ে সরওয়ার জামাল নিজাম তাঁর জনপ্রিয়তার প্রমাণ দিয়েছেন। সংসদ সদস্য হিসেবে তিনি উন্নয়নমূলক কর্মকাণ্ডে ভূমিকা রেখেছেন। তাঁকে মন্ত্রী করা হলে এলাকার উন্নয়ন আরও গতিশীল হবে।”
আনোয়ারা উপজেলা যুবদলের আহ্বায়ক হারেছ আহমেদ বলেন, “সরওয়ার জামাল নিজামের শিল্পায়ন ও ব্যবসা-বাণিজ্যে অভিজ্ঞতা রয়েছে। যোগ্যতার ভিত্তিতে তাকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার দাবি জানাচ্ছি।”
সরওয়ার জামাল নিজাম বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে ১৯৯৬ সালে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। পরে তিনি ২০০১ সালের নির্বাচনেও জয়ী হন। সর্বশেষ নির্বাচনে বিজয়ের মাধ্যমে তিনি চতুর্থবারের মতো সংসদে যাচ্ছেন।
স্থানীয় নেতাকর্মীরা জানান, নির্বাচনী এলাকায় অবকাঠামো উন্নয়ন, সড়ক যোগাযোগ, শিক্ষা ও কর্মসংস্থান প্রসারে আরও কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশা রয়েছে তাঁর প্রতি।
এ ছাড়া তিনি ১৯৯৫ ও ১৯৯৬ সালে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিসিসিআই)-এর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। স্থানীয় নেতাদের মতে, ওই অভিজ্ঞতা তার প্রশাসনিক সক্ষমতার পরিচায়ক।
ইখা