মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার ইছাপুরা বাজারে অভিযান চালিয়ে চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ১১ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার(১৭ ফেব্রুয়ারি) দুপুর ১টা থেকে আড়াইটা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের মুন্সিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ।
অভিযানে খাদ্যে ব্যবহারের অনুপযোগী ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নন-ফুড গ্রেড টেক্সটাইল রং (জর্দার রং) বিক্রির দায়ে মেসার্স লিটন স্টোরের মালিক মো. লিটনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করায় মেসার্স ইসলাম স্টোরের মালিক মো. ইসলামকে ২ হাজার টাকা, হাবিব স্টোরের মালিক হাবিবউল্লাহ খানকে ২ হাজার টাকা এবং জহিরুল ফল ভাণ্ডারের মালিক মো. রিয়াজ উদ্দিনকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
সহকারী পরিচালক আসিফ আল আজাদ বলেন, “ব্যবসায়ীদের বাধ্যতামূলকভাবে মূল্য তালিকা প্রদর্শন এবং ক্রয় রসিদ (ভাউচার) সংরক্ষণ করতে হবে। জনস্বার্থে এ ধরনের তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।”
অভিযানে সহযোগিতা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. শাহ আলম এবং সিরাজদিখান থানা পুলিশের একটি দল।
এনআই