চট্টগ্রামের আনোয়ারায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে লাগা আগুনে একটি বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে। এ সময় আশপাশের আরও কয়েকটি ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) ভোর সাড়ে পাঁচটার দিকে উপজেলার ২ নম্বর বারশত ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বোয়ালিয়া গ্রামের পুরাতন মাদ্রাসা বড়বাড়ি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত ব্যক্তি ওই এলাকার মৃত সোলায়মানের ছেলে মো. আবুল কামাল। স্থানীয়রা জানান, আগুনে তার ঘরের আসবাবপত্র, কাপড়চোপড় ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী পুড়ে গেছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ অন্তত ১ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা বলেন, 'মসজিদের মাইকে আগুনের সংবাদ শুনে ঘুম ভাঙে। সবাই মিলে টিন খুলে উপরে উঠে পাইপ আর বালতি দিয়ে পানি ঢেলে আগুন নেভানোর চেষ্টা করি, তা না হলে আগুন আরও ছড়িয়ে পড়ত।'
খবর পেয়ে আনোয়ারা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে রওনা দেয়। তবে রাস্তা সরু হওয়ায় একটি ইউনিট ঘটনাস্থলে প্রবেশ করতে পারেনি। অন্য ইউনিট পৌঁছানোর আগেই স্থানীয়দের চেষ্টায় আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আসে। পুরো উদ্ধারকাজে প্রায় ৩০ মিনিট সময় লাগে।
স্থানীয় ইউপি সদস্য মো. কামাল উদ্দীন বলেন, 'আগুন লাগার খবর শুনেছি। ক্ষতিগ্রস্ত পরিবারটি সব হারিয়ে নিঃস্ব হয়ে গেছে। আমি বিষয়টি ইউনিয়ন পরিষদ ও উপজেলা প্রশাসনকে জানাবো, যাতে দ্রুত সরকারি সহায়তা দেওয়া যায়।
আনোয়ারা ফায়ার সার্ভিসের সাব-অফিসার মো. আব্দুল্লাহ বলেন, 'এঘটনায় কেউ হতাহত হয়নি। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষয়ক্ষতি আনুমানিক ১লাখ টাকা এবং ১০ লাখ টাকার মালামাল উদ্ধার করা গেছে। স্থানীয়দের দ্রুত সহযোগিতায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।'
তিনি আরও বলেন, এসময় স্থানীয়দের অগ্নিপ্রতিরোধ ও নির্বাপন বিষয়ক সচেতনতা তৈরি করতে উদ্বুদ্ধ করা হয়।
পিএম