কিশোরগঞ্জের অষ্টগ্রামে স্কুল থেকে বাড়ি ফেরার পথে মৌ আক্তার (১৩) নামে এক স্কুলছাত্রীকে কাঁচি দিয়ে আঘাত করে আহত করেছেন বিল্লাল হোসেন (২৩) নামের এক যুবক। গুরুতর আহত অবস্থায় ওই ছাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা পরিষদের সামনের রাস্তায় এ ঘটনা ঘটে। ঘটনার পর এলাকাবাসী অভিযুক্ত যুবককে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে।
আহত মৌ আক্তার অষ্টগ্রাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। সে উপজেলার উত্তর হাঁটি গ্রামের মোহন মিয়ার মেয়ে। অভিযুক্ত বিল্লাল হোসেন অষ্টগ্রাম উপজেলা সদরের আলম দিঘীর পাড় এলাকার মেরাজ মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, টিফিনের সময় স্কুল থেকে বাড়ি ফেরার পথে দুপুর ১টার দিকে উপজেলা পরিষদের সামনে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বিল্লাল হোসেন অতর্কিতভাবে মৌ আক্তারের ওপর হামলা চালান। এ সময় হাতে থাকা কাঁচি দিয়ে তিনি তার গলায় আঘাত করেন। এতে মেয়েটির গলার একটি অংশ কেটে যায়।
ছাত্রীর চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ঘটনার পর এলাকাবাসী অভিযুক্ত যুবককে আটক করে অষ্টগ্রাম থানা পুলিশের কাছে সোপর্দ করেন।
অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেব খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযুক্তকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ইখা