বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, রোজায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করাই আমার মন্ত্রণালয়ের প্রধান অগ্রাধিকার।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে সিরাজগঞ্জ শহরে নিজ বাসভবনে পৌঁছে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, বর্তমানে আমাদের সবচেয়ে বড় প্রায়োরিটি হচ্ছে রমজান মাস ভালোভাবে পরিচালনা করা। পাশাপাশি সামনে কৃষি সেচ মৌসুম ও গ্রীষ্মকাল মোকাবিলা করাও বড় চ্যালেঞ্জ। এটি একটি টেকনিক্যাল বিষয়, মাঝে মাঝে ছোটখাটো ফল্ট হতে পারে, বিদ্যুৎ যেতেও পারে। তবে আমরা চেষ্টা করছি, যেন বেশিরভাগ সময়ই ভালো বিদ্যুৎ সরবরাহ বজায় থাকে।
তিনি বলেন, বিগত সময়ের বিপুল পরিমাণ বকেয়া এবং জ্বালানি আমদানির প্রয়োজনীয়তা মিলিয়ে এটি আমার জন্য একটি কঠিন অগ্নিপরীক্ষা। তারপরও আমি সর্বোচ্চ চেষ্টা করছি, যাতে সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে জনগণকে নিরবচ্ছিন্ন বিদ্যুতের সুফল দেওয়া যায়।
পরে সিরাজগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন এবং শিয়ালকোলের পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের করব জিয়ারত করেন।
এর আগে মন্ত্রী শহরের হোসেনপুরে নিজ বাসভবনে পৌঁছলে তাকে জেলা পুলিশের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ দলীয় নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা জানান।
এনআই