জামালপুরের বকশীগঞ্জে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের ঘটনা ঘটেছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে বগারচর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে কয়েকজন নেতা-কর্মী মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পতাকা উত্তোলন করেন। এ সময় তারা ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় মোনাজাত করেন।
পতাকা উত্তোলনের সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. সাজ্জাদ কাদির সাজু, ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য রেজাউল করিম, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. আইয়ুব আলী, তাঁতী লীগের যুগ্ম সম্পাদক রেজাউল এবং নিষিদ্ধ ঘোষিত ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নিয়ামত উল্লাহসহ কয়েকজন নেতা-কর্মী।
ঘটনার পরপরই তারা কার্যালয় ত্যাগ করেন। এ ঘটনাকে কেন্দ্র করে বগারচর ইউনিয়নে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তাৎক্ষণিকভাবে বিএনপি ও জামায়াতের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট তৎকালীন সরকারের পতনের পর বিক্ষুব্ধ জনতা বগারচর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে আগুন দেয়। এরপর থেকে কার্যালয়টি পরিত্যক্ত অবস্থায় ছিল এবং দলীয় কার্যক্রমও বন্ধ ছিল।
ইখা