কোন মাদক ব্যবসায়ীকে ধরিয়ে দিতে পারলে ১ লক্ষ টাকা পুরস্কারের ঘোষণা দেন শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান কিরণ।
শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে সখিপুর বাজারে আয়োজিত মতবিনিময় সভায় চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন স্থানীয় সংসদ সদস্য শফিকুর রহমান কিরণ।
সভায় তিনি বলেন, কোনো মাদক ব্যবসায়ীকে প্রমাণসহ আইনশৃঙ্খলা বাহিনীর কাছে ধরিয়ে দিতে পারলে তথ্যদাতাকে এক লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। আর যদি কোনো মাদকসেবীকে ধরিয়ে দিতে পারেন, তাহলে ১০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।
তিনি আরও বলেন,মাদক সমাজ ও যুবসমাজকে ধ্বংস করছে এ থেকে উত্তরণে জনপ্রতিনিধি, প্রশাসন ও সচেতন নাগরিকদের সম্মিলিত উদ্যোগ জরুরি।
এমপি জানান, মাদক নির্মূলে কঠোর নজরদারি ও নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি গোপন তথ্যদাতাদের পরিচয় গোপন রাখা হবে, যাতে কেউ ভয়ভীতি বা হয়রানির শিকার না হন।
তিনি বলেন, সমাজকে মাদকমুক্ত করতে হলে সবাইকে এগিয়ে আসতে হবে। শুধু প্রশাসনের পক্ষে একা সম্ভব নয়। সংসদ সদস্যের এ ঘোষণায় উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া পড়ে। স্থানীয়রা মনে করছেন, ঘোষিত পুরস্কার কার্যকরভাবে বাস্তবায়িত হলে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে জনসচেতনতা ও প্রতিরোধ বাড়বে এবং এলাকায় মাদকের বিস্তার উল্লেখযোগ্যভাবে কমে আসবে।
এফএস