ময়মনসিংহের ভালুকায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে ভালুকা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের খারুয়ালী সালাম মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, একই এলাকার মৃত ইসমাইল শেখের ছেলে হাসান (৪০) ও বাদশা আকন্দ (৪৫) পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল। এর জেরে শনিবার দুপুরে উভয় পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।
অভিযোগ রয়েছে, বাদশা আকন্দের পক্ষ শতাধিক লোকজন নিয়ে দেশীয় অস্ত্রসহ হাসানের বসতভিটায় গিয়ে হামলা চালায়। এ সময় বসতবাড়ির বেড়া ভাঙচুর, গাছপালা কেটে ফেলা এবং বাউন্ডারি নির্মাণের চেষ্টা করা হয়। এতে বাধা দিলে হাসানের পরিবারের সদস্যদের ওপর হামলা চালানো হয় বলে দাবি তাদের।
এদিকে অপর পক্ষের দাবি, জমির মালিকানা নিয়ে বিরোধের জেরে ভুল বোঝাবুঝি থেকে সংঘর্ষের সূত্রপাত।
সংঘর্ষে উভয় পক্ষের নারী-পুরুষসহ অন্তত ১০ জন আহত হন। আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে কয়েকজনকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
খবর পেয়ে স্থানীয়রা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট থানা পুলিশের একটি সূত্র জানায়, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনার পর এলাকায় নতুন করে সংঘর্ষ এড়াতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় বাসিন্দারা।
এফএস