যশোরে তালাকপ্রাপ্ত স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন এবং সেই ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগে তানভীর (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। কোতোয়ালি মডেল থানা পুলিশ তাঁকে গ্রেপ্তারের পর সোমবার (২৪ ফেব্রুয়ারি) আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।
গ্রেপ্তার তানভীর যশোর সদর উপজেলার হামিদপুর নুড়িতলা গ্রামের মাসুদ রানার ছেলে। এ ঘটনায় ভুক্তভোগী নারীর বাবা বাদী হয়ে মামলা করেছেন।
মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ৫ জানুয়ারি তানভীর পারিবারিকভাবে ওই নারীকে বিয়ে করেন। বিয়ের পর বনিবনা না হওয়ায় ৩ ডিসেম্বর তাঁদের বিবাহবিচ্ছেদ হয়। এরপর থেকে ওই নারী তাঁর বাবার বাড়িতেই অবস্থান করছিলেন। বিচ্ছেদের কিছুদিন যেতে না যেতেই তানভীর পুনরায় ওই নারীর সঙ্গে যোগাযোগ শুরু করেন। একপর্যায়ে তানভীর তাঁর তালাকপ্রাপ্ত স্ত্রীকে কৌশলে নিজের বাড়িতে নিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করেন এবং গোপনে সেই ভিডিও ধারণ করেন।
পরবর্তীতে তানভীর ওই ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ওই নারীকে বারবার দেখা করার জন্য চাপ দিতে থাকেন। তাঁর প্রস্তাবে রাজি না হওয়ায় গত ১৮ ফেব্রুয়ারি তানভীর ওই ভিডিও ও কিছু ছবি ফেসবুকে ছেড়ে দেন। বিষয়টি জানতে পেরে ভুক্তভোগী নারী তাঁর পরিবারকে জানান। এ ঘটনায় ওই নারীর বাবা বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করলে পুলিশ রোববার রাতে অভিযান চালিয়ে তানভীরকে গ্রেপ্তার করে।
এনআই