আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ঘরমুখো মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন ও যানজটমুক্ত রাখতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড় এলাকায় উচ্ছেদ অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে শিমরাইল হাইওয়ে পুলিশ।
বুধবার (৪ মার্চ) দুপুর থেকে বিকেল পর্যন্ত পরিচালিত এই অভিযানে মহাসড়কের পাশে গড়ে ওঠা শতাধিক অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করা হয়।
অভিযানকালে বিশেষ করে ব্রিজের ওপর স্থাপিত ঝুঁকিপূর্ণ অবকাঠামো অপসারণ করে যান চলাচল স্বাভাবিক রাখতে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়। পাশাপাশি ফুটপাত দখলমুক্ত করা এবং থ্রি-হুইলার নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। এ সময় উল্টোপথে যান চলাচল রোধে চালকদের কঠোরভাবে সতর্ক করা হয়।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, শিমরাইল মোড় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। ঈদকে কেন্দ্র করে এখানে যানবাহনের চাপ কয়েক গুণ বৃদ্ধি পায়। ফলে সামান্য বিশৃঙ্খলাও বড় ধরনের যানজটের কারণ হতে পারে। বিষয়টি বিবেচনায় নিয়ে আগাম প্রস্তুতির অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে। উচ্ছেদের পাশাপাশি ফিটনেসবিহীন বেশ কয়েকটি পরিবহনের বিরুদ্ধে মামলাও দায়ের করা হয়।
অভিযান চলাকালে সিএনজি ও থ্রি-হুইলার চালকসহ সাধারণ মানুষকে মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখা, নির্ধারিত স্থানে গাড়ি পার্কিং এবং উল্টোপথে চলাচল থেকে বিরত থাকার বিষয়ে অনুরোধ জানানো হয়।
এ বিষয়ে শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ (টিআই) জুলহাস উদ্দিন জানান, ঈদকে সামনে রেখে মহাসড়কে অতিরিক্ত যানবাহনের চাপ থাকবে। তাই আগেভাগেই ফুটপাত ও ব্রিজের ওপর থেকে অবৈধ দখল উচ্ছেদ করা হয়েছে। উল্টোপথে যান চলাচল ও অনিয়ন্ত্রিত থ্রি-হুইলার চলাচল কোনোভাবেই বরদাস্ত করা হবে না। যাত্রীদের নিরাপদ ও স্বস্তিদায়ক যাত্রা নিশ্চিত করতে হাইওয়ে পুলিশ সর্বোচ্চ তৎপর রয়েছে এবং এ অভিযান অব্যাহত থাকবে।
এনআই