ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আওয়ামীপন্থি শিক্ষকদের সংগঠন 'শাপলা ফোরাম' নিষিদ্ধ ও তাদের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।
বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন চত্ত্বরে এ মানববন্ধন করে তারা।
এ সময় শিক্ষার্থীদের হাতে 'আর নয় হেলাফেলা এবার হবে ফাইনাল খেলা', 'দোসরদের ঠিকানা এই বাংলায় হবে না', 'দোসরদের সংগঠন শাপলা ফোরাম বন্ধ করো', 'শাপলা ফেরাম ও বঙ্গবন্ধু পরিষদের কার্যক্রম বন্ধ কর', 'দোসরদের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করো, করতে হবে', 'একটা একটা দোসর ধর, ধইরা ধইরা বিচার কর', 'দোসর সন্ত্রাসীদের কার্যক্রম বন্ধ করো' ইত্যাদি স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড দেখা যায়।
এ সময় মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বলেন, আওয়ামী ফ্যাসিটদের দোসর শিক্ষকরা গোপনে ফান্ড কালেকশন করে নিষিদ্ধ ছাত্রলীগদের জামিনে মুক্ত করছে৷ তারা আবারও নিষিদ্ধ আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করছে। এই সমস্ত দোসদের আইনের আওতায় আনতে হবে এবং এদের স্থায়ী বহিষ্কার আদেশ দিতে হবে।
তারা আরও বলেন, আমরা দেখছি চুনোপুঁটিদের বহিষ্কার করলেও রাঘোববোয়ালদের শাস্তির আওতায় আনা হয়নি। আমরা তাদের স্থায়ী বহিষ্কার দেখতে চাই। পাশাপাশি শাপলা ফোরাম নিষিদ্ধের মাধ্যমে তাদের মেরুদণ্ড ভেঙ্গে ফেলা হোক।
তারা বলেন, জুলাই শহিদদের রক্তের দাগ এখনো শুকায়নি। আপনারা যদি আরও রক্ত চান তাহলে আমরা দাঁড়িয়ে আছি আমাদের ওপর গুলি চালান। তবুও ফ্যাসিটদের পুনর্বাসন করতে দেব না।
প্রসঙ্গত, গতকাল (২৭ জানুয়ারি) গণমাধ্যমে ‘ইবিতে মাথা চাড়া দিচ্ছে ফ্যাসিবাদী শিক্ষকদের সংগঠন 'শাপলা ফোরাম’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্লাটফর্মে এ কর্মসূচি ঘোষণা করেন।
এসআর