বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে এক বাংলাদেশি নাগরিক গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (৬ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়ি ইউনিয়নের পাইনছড়ি সীমান্ত এলাকায় মিয়ানমারের ভেতরের অংশে মাইনটি বিস্ফোরিত হয় বলে জানিয়েছেন নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী।
আহত ব্যক্তি আব্দুর জব্বর (৫৩)। তিনি নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়ি ইউনিয়নের পাইনছড়ি এলাকার আলী আহমদের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে ইউএনও মাজহারুল ইসলাম চৌধুরী জানান, বিকেলে দোছড়ি ইউনিয়নের পাইনছড়ি সংলগ্ন ৫১/৭ সীমান্ত পিলার এলাকায় মিয়ানমারের ভেতরে ৭–৮ জন বাংলাদেশি কাঠুরিয়া কাঠ সংগ্রহ করতে যান। এ সময় মাটিতে পুঁতে রাখা ল্যান্ডমাইন বিস্ফোরিত হলে আব্দুর জব্বর গুরুতর আহত হন।
তার সঙ্গে থাকা অন্যরা তাকে উদ্ধার করে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠান।
কক্সবাজার জেলা সদর হাসপাতালের এক চিকিৎসক নাম প্রকাশ না করার শর্তে জানান, আহত ব্যক্তির বাম পায়ের গোড়ালি বিস্ফোরণে প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে। এ ছাড়া শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা বলেন, সীমান্তের ওপারে বিস্ফোরণে আব্দুর জব্বর নামে এক ব্যক্তি আহত হয়েছেন বলে শুনেছি। তিনি বর্তমানে কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ইখা