নারায়ণগঞ্জ শহরের পশ্চিম দেওভোগ এলাকায় একটি বাড়িতে তিতাস গ্যাসের লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ঝুট ব্যবসায়ী ও তাঁর কর্মচারীসহ দুজন দগ্ধ এবং একজন আহত হয়েছেন।
শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যায় আরমান মিয়ার মালিকানাধীন একটি তিনতলা ভবনের নিচতলায় এই বিস্ফোরণ ঘটে।
দগ্ধ দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যা ৭টার দিকে ভবনটির নিচতলায় একটি ঝুটের গুদামে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং সাময়িকভাবে আগুন ধরে যায়। বিস্ফোরণের প্রচণ্ড শক্তিতে নিচতলার দেয়ালের একাংশ, দরজা ও জানালা ধসে পড়ে। এতে দগ্ধ হন ঝুট ব্যবসায়ী শিপন ও তাঁর কর্মচারী লিটন। এ সময় আহত হন ভবনের ভাড়াটিয়া ছগির।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে। আশপাশের আরও অন্তত চারটি ভবনের জানালার কাঁচ ভেঙে পড়েছে। স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং দগ্ধদের উদ্ধার করে প্রথমে সদর জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাঁদের ঢাকায় পাঠানো হয়।
ঘটনাস্থল পরিদর্শন শেষে মন্ডলপাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহজাহান জানান, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিতাস গ্যাসের পাইপলাইনের লিকেজ থেকে গুদামে গ্যাস জমে ছিল। সেখান থেকেই এই ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।”
হাসপাতাল সূত্রে জানা গেছে, দগ্ধ শিপনের শরীরের ১৫ শতাংশ পুড়ে গেছে। বর্তমানে তিনিসহ অন্য দগ্ধ ব্যক্তি জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।
এনআই