বরগুনার তালতলী উপজেলার স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইসহাক আকন ও ইউনিয়ন স্বাস্থ্য সহকারী আবুল কালামকে আটক করেছে নৌবাহিনী। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) রাত ১১ টার দিকে উপজেলা শহরের মালিপাড়া এলাকার একটি পরিত্যক্ত ভবন এর ৩য় তলায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- ইসহাক আকন সবুজ (৪০) উপজেলার করাইবাড়িয়া ইউনিয়নের পশ্চিম ঝাড়াখালী এলাকার মো. শাহালী আকনের ছেলে। তিনি তালতলী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক। মো. আবুল কালাম (৩৯) উপজেলার শহরের মালিপাড়া এলাকার জালাল উদ্দিনের ছেলে। তিনি উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়ন স্বাস্থ্য সহকারী হিসেবে কর্মরত আছেন।
নৌবাহিনী সূত্রে জানা যায়, নৌ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপজেলা শহরের মালিপাড়া একটি পরিত্যক্ত ভবন এর ৩য় তলায় লেফটেন্যান্ট শাকিল মাহমুদ এর নেতৃত্বে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাদককারবারি ইসহাক আকন ও আবুল কালামকে আটক করে। অভিযানে তাদের কাছ থেকে মাদক সেবনের সরঞ্জামাদি, সীম কার্ড, মোবাইল ফোন, দেশীয় অস্ত্র ও আটককৃত ব্যক্তিদের দেহ তল্লাশি চালিয়ে ১ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরবর্তীতে তালতলী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সেবক মন্ডল ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ মোতাবেক ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও একশত টাকা অর্থদণ্ড করা হয়।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান বলেন, 'সাজাপ্রাপ্ত আসামিদের কারাগারে পাঠানো হয়েছে।'
পিএম