বরিশালের গৌরনদীতে সেনাবাহিনীর অভিযানে শীর্ষ সন্ত্রাসী সারোয়ার প্যাদা (৫৫) ও তার ভাই বাচ্চু প্যাদাকে (৪৫) আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ছয়টি ককটেল ও চারটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
রবিবার (৮ ফেব্রুয়ারি) সকালে বাংলাদেশ সেনাবাহিনীর ৭ পদাতিক ডিভিশনের আওতাধীন ৬ পদাতিক ব্রিগেডের ৬২ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের নেতৃত্বে গৌরনদী উপজেলার শরিকল ইউনিয়নের ত্রাস হিসেবে পরিচিত এই দুই ভাইকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে সারোয়ার প্যাদার মিয়ারচরের বাসায় পরিচালিত এই অভিযানে ককটেল (হাতবোমা) ও দেশীয় অস্ত্রগুলো উদ্ধার করা হয়।
সেনাবাহিনী সূত্র জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাশকতামূলক কর্মকাণ্ড ঘটানোর উদ্দেশ্যে এসব ককটেল ও অস্ত্র মজুদ করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন উপহার দিতে বাংলাদেশ সেনাবাহিনী প্রতিশ্রুতিবদ্ধ। নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো সহিংসতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে সেনাবাহিনী।
এনআই