পাবনার ঈশ্বরদীতে মধ্যরাতে গুলিবর্ষণের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে একটি আধুনিক রাইফেলের ২৪ রাউন্ড তাজা গুলি এবং একটি পিস্তলের খালি ম্যাগজিন উদ্ধার করা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের মাত্র তিন দিন আগে এমন ঘটনায় স্থানীয়দের উদ্বেগ আরও বেড়েছে।
রবিবার (৮ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ঈশ্বরদী উপজেলার পাকশী এলাকায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে পানি সরবরাহের জন্য নির্মাণাধীন ওয়াসা প্রকল্পে কর্মরত শ্রমিকদের আবাসিক কক্ষে এ ঘটনা ঘটে। সেখান থেকেই গুলি ও ম্যাগজিন উদ্ধার করে যৌথ বাহিনী।
এ ঘটনায় ওয়াসা প্রকল্পের সাব-ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রকল্প ব্যবস্থাপক গোলাম কিবরিয়া শাকিলের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে অস্ত্র মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন পাকশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মনিরুল ইসলাম।
পুলিশ জানায়, গোলাম কিবরিয়া শাকিল পাবনার চরতারাপুর ইউনিয়নের বাঙ্গিডাঙ্গা গ্রামের বাসিন্দা। তিনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের আওতায় নির্মাণাধীন ওয়াসা প্রকল্পে একটি সাব-ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রকল্প ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন।
প্রকল্পের শ্রমিক ও প্রত্যক্ষদর্শী মামুন হোসেন বলেন, শাকিলের কাছে প্রায়ই বাইরের লোকজন আসতেন। ঘটনার রাতে তিনি অজ্ঞাত দুই ব্যক্তিকে সঙ্গে নিয়ে নিজের কক্ষে যান। কিছুক্ষণ পর কক্ষের ভেতর থেকে গুলির শব্দ শোনা যায়। এরপর শাকিলসহ ওই দুই ব্যক্তি আগ্নেয়াস্ত্র নিয়ে কক্ষ থেকে বেরিয়ে দ্রুত চলে যান। পরে পুলিশ এসে কক্ষ তল্লাশি করে ২৪ রাউন্ড রাইফেলের গুলি ও একটি পিস্তলের ম্যাগজিন উদ্ধার করে।
স্থানীয় বাসিন্দারা জানান, মধ্যরাতে গুলির শব্দে পুরো পাকশী আবাসিক এলাকা আতঙ্কিত হয়ে পড়ে। তাদের অভিযোগ, রাজনৈতিক আধিপত্য বিস্তার, রূপপুর প্রকল্প ও ঈশ্বরদী ইপিজেডকেন্দ্রিক ব্যবসা নিয়ন্ত্রণ, জমি দখল ও চাঁদাবাজিকে কেন্দ্র করে এলাকায় আগেও অস্ত্রের মহড়া ও সহিংসতার ঘটনা ঘটেছে। নির্বাচনের আগে এমন ঘটনায় সাধারণ মানুষের মধ্যে নতুন করে ভীতি তৈরি হয়েছে।
তবে পাকশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মনিরুল ইসলাম বলেন, উদ্ধার হওয়া অস্ত্র ও গোলাবারুদের ঘটনা সরাসরি নির্বাচনসংক্রান্ত নয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সংশ্লিষ্ট ব্যক্তিরা দীর্ঘদিনের অস্ত্রধারী অপরাধী। ইয়াবা সেবনের সময় অসাবধানতাবশত রাইফেল থেকে গুলির বিস্ফোরণ ঘটে থাকতে পারে। ঘটনাস্থল থেকে ইয়াবা সেবনের আলামতও উদ্ধার করা হয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জড়িতদের গ্রেপ্তার ও অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
এ বিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুল ইসলামের বক্তব্য জানতে একাধিকবার চেষ্টা করা হলেও তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
ইখা