বাংলাদেশে প্রচুর গ্যাস আছে। আমরা ইনশাআল্লাহ গ্যাসের খনি আবিষ্কার করব এবং সেই গ্যাস উত্তোলনের মাধ্যমে প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দেব। আগের যে সরকার ছিল তারা বিদেশ থেকে গ্যাস নিয়ে আসত। কিন্তু দেশের ভেতরে নতুন গ্যাস খনি তারা বের করেনি বলে জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
সোমবার (০৯ ফেব্রুয়ারি) রাজধানীর যাত্রাবাড়ীর শহীদ ফারুক রোডে ঢাকা-৫ আসনের নির্বাচনী প্রচারণা সভায় এসব কথা বলেন তিনি।
বিএনপির চেয়ারম্যান বলেন, বিগত এক যুগের বেশি সময় ধরে বাংলাদেশের মানুষ তাদের ভোটের অধিকার থেকে বঞ্চিত ছিল। গত এক যুগের বেশি সময় ধরে বাংলাদেশের মানুষ বঞ্চিত ছিল তাদের মানবিকতা থেকে। আজ বাংলাদেশের মানুষ প্রাণ খুলে কথা বলতে পারছে, তাদের বক্তব্য উপস্থাপন করতে পারছে। আজ বাংলাদেশের মানুষ তাদের রাজনৈতিক অধিকার তথা ভোটের অধিকার প্রয়োগ করতে চলেছে।
তিনি বলেন, বিগত ১৬ বছর ধরে যারা বাংলাদেশের জনগণের অধিকার কেড়ে নিয়েছিল, তাদের সহযোগীরা কিন্তু ভেতরে ভেতরে ষড়যন্ত্র করছে। পত্রিকার পাতায় আপনারা দেখেছেন, তাদের লোকজন নকল সিল বানাতে গিয়ে ধরা পড়েছে।
ঢাকা-৫ আসনের নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমা বলেন, আপনাদের সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে। এই রকম করার দুঃসাহস কেউ যেন না দেখাতে পারে। ভোটকেন্দ্রে আপনারা ফজরের নামাজ আদায় করেই দাঁড়িয়ে যাবেন, যাতে কেউ ষড়যন্ত্র করে কিছু করতে না পারে। শুধু ভোট দিলেই চলবে না; ভোট দিয়ে চলে আসবেন না, বরং ভোটের ফল বুঝে নিয়ে আসবেন। হিসাব বরাবর বুঝে নিয়ে আসবেন। পারবেন তো?
দুর্নীতির লাগাম টেনে ধরতে হবে মন্তব্য করে তিনি আরও বলেন, আমরা দুর্নীতির লাগাম টেনে ধরতে পারব। আমরা দেখেছি ১৬ বছরে কীভাবে দুর্নীতি করে বিলিয়ন বিলিয়ন ডলার পাচার করে দেওয়া হয়েছে। বিএনপি দুর্নীতি নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখে। ২০০১ সালে বেগম খালেদা জিয়া যখন দায়িত্বভার গ্রহণ করলেন, তখন বাংলাদেশের কপালে দুর্নীতির কালো তিলক ছিল। ২০০৬ সালে যখন তিনি ক্ষমতা হস্তান্তর করলেন, এই পাঁচ বছর কঠোর পরিশ্রম এবং সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে খালেদা জিয়া বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করেছিলেন।
এমআর-২