চুয়াডাঙ্গা-১ আসনে বিএনপি দলীয় সংসদ সদস্য প্রার্থী শরীফুজ্জামান শরীফ বলেছেন, বিএনপি জয়ী হলে চুয়াডাঙ্গাকে মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাস মুক্ত আধুনিক নগরী হিসাবে গড়ে তোলা হবে। চুয়াডাঙ্গার মানুষ বিগত দিনের পরিক্ষীত বিএনপিকেই ভোট দিতে চায়। এর কারণ বিএনপির হাত ধরেই এদেশের কাঙ্খিত উন্নয়ন হয়েছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় স্থানীয় টাউন ফুটবল মাঠে জেলা বিএনপি নেতা অ্যাডভোকেট ওয়াহেদুজ্জামান বুলার সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে চুয়াডাঙ্গা-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী শরীফুজ্জামান শরীফ এ কথাগুলো বলেন।
তিনি বলেন, আমি অথবা আমার কোন সহযোগী বা সহকর্মীর কাছ থেকে যদি কোন মানুষ কোন ধরনের কষ্ট পেয়ে থাকেন তাহলে আমি করজোড়ে ক্ষমা প্রার্থনা করছি। চুয়াডাঙ্গায় আমরা একটি কৃষি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করতে চাই।
তিনি আরও বলেন, দেশ নায়ক তারেক রহমান আগামী দিনের প্রধানমন্ত্রী হিসাবে সরকার গঠন করতে পারলে কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ হবে এবং তারা কৃষি কার্ড পাবেন, প্রতিটি পরিবার ফ্যামিলি কার্ড পাবে, দেশের নাগরিকদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে স্বাস্থ্য কার্ড দেয়া হবে।
জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপি নেতা লে.কর্নেল (অবঃ) কামরুজ্জামান আজাদ, খন্দকার আব্দুল জব্বার সোনা, সদর উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, সাহেদুজ্জামান টরিক সিআইপি, জেলা জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক ও বাড়াদী ইউপি চেয়ারম্যান তবারক হোসেন।
এমআর-২