আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পঞ্চগড়ের দেবীগঞ্জে প্রায় ১৫ হাজারের বেশি নারী কর্মীর অংশগ্রহণে নির্বাচনী মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
সোমবার (৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টা ৩০মিনিটে দেবীগঞ্জ পৌরসভার নৃপেন্দ্র নারায়ন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে মিছিলটি শুরু হয়। মিছিল চলাকালীন প্রায় এক কিলোমিটার সড়ক জুড়ে নারীদের উপস্থিতি দেখা গেছে।
মিছিলটি পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পায়রা চত্বরে গিয়ে শেষ হয়। এ সময় নারী কর্মীরা দলীয় শ্লোগানে মুখরিত করে তোলেন আশপাশের এলাকা। বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আগত বিপুলসংখ্যক নারী কর্মীর উপস্থিতিতে মিছিলটি বড় ধরনের জনসমাগমে পরিণত হয়।
মিছিল শেষে পায়রা চত্বরে অবস্থিত এরশাদ মঞ্চে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তৃণমূল পর্যায়ে দলকে আরও সুসংগঠিত করতে নারী কর্মীদের অংশগ্রহণ গুরুত্বপূর্ণ। তারা সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করেন এবং দলীয় প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
মিছিলে অংশ নেওয়া ত্রিশোর্ধ্ব রাবেয়া বেগম বলেন, অনেকেই শিশু সন্তানকে কোলে নিয়েই কর্মসূচিতে যোগ দিয়েছেন। বাচ্চাদের দুষ্টুমি, আবদার কিংবা সামান্য অসুস্থতাও তাদের প্রচারণায় অংশ নিতে বাধা হয়ে দাঁড়ায়নি। সংসারের কাজ শেষ করেই তারা স্বতঃস্ফূর্তভাবে মিছিলে অংশ নেন। নূরজাহান নামে আরেক কর্মী বলেন, এ ধরনের কর্মসূচি নারীদের রাজনৈতিক সচেতনতা বাড়াচ্ছে এবং রাজনীতিতে নারীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে ভূমিকা রাখছে।
আলোচনা সভায় বক্তব্য দেন পঞ্চগড় জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আবুল বাশার বসুনিয়া, দেবীগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. বেলাল হোসেন, দেবীগঞ্জ পৌর জামায়াতের পরিচালক আমির হোসেন, সোনাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান, দেবীগঞ্জ উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক ফরিদ হাসান এবং দেবীগঞ্জ উপজেলা রিকশা ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মশিউর রহমান। সভা শেষে শান্তিপূর্ণভাবে কর্মসূচি সমাপ্ত হয়।
উল্লেখ্য, পঞ্চগড়-২ আসনটি দেবীগঞ্জ ও বোদা উপজেলা নিয়ে গঠিত। এই আসন থেকে এবার জামায়াত মনোনীত প্রার্থী সফিউল আলমের (সফিউল্লাহ সুফি) মূল প্রতিযোগিতা হবে বিএনপি প্রার্থী ফরহাদ হোসেন আজাদের সাথে।
পিএম