রাজবাড়ীর গোয়ালন্দে মোটরসাইকেল দুর্ঘটনায় শিথিল বিশ্বাস সেতু (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। তিনি গোয়ালন্দ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের নিলু শেখের পাড়া এলাকার ‘সেতু জুয়েলার্স’-এর মালিক কমল বিশ্বাসের ছেলে।
সোমবার (০৯ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে গোয়ালন্দ বাজারের প্রধান সড়কে সাবেক পৌর মেয়র নজরুল মণ্ডলের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সেতু দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় একটি অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে তিনি সড়কের ওপর ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান এবং তাঁর অতিরিক্ত রক্তক্ষরণ হয়। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
নিহতের শ্বশুর রঞ্জিত কুমার পোদ্দার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, “সেতু প্রায় এক বছর আগে আমার মেয়েকে বিয়ে করেছিল। আজ মোটরসাইকেল দুর্ঘটনায় সে আমাদের ছেড়ে চলে গেল।”
এনআই