চট্টগ্রামের বাঁশখালীতে লবণের মাঠে কাজ করার সময় এক চাষিকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে ৩০০ মণ লবণ লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার সকাল ৬টার দিকে উপজেলার ছনুয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মধুখালী চরপাড়া লবণের মাঠে এ ঘটনা ঘটে।
হামলায় গুরুতর আহত লবণ চাষি মোহাম্মদ হোছাইন (৪৫) ওই এলাকার জেবর মুল্লুকের ছেলে। তাকে প্রথমে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলেও অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে মোহাম্মদ হোছাইন তার বর্গা নেওয়া লবণের মাঠে কাজ করতে যান। এ সময় ছনুয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রেজাউল হক চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত জমির উদ্দিনের নেতৃত্বে মিজান, কলিম উল্লাহ, নাছির ও আবদুল কাদের দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। হামলাকারীরা সবাই একই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের চরপাড়ার মৃত কবির আহমদের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা মোহাম্মদ হোছাইনকে কিরিচ ও লাঠিসোঁটা দিয়ে এলোপাতাড়ি আঘাত করে। এরপর বিক্রির জন্য মজুদ রাখা প্রায় ৩০০ মণ লবণ লুট করে নিয়ে যায়।
ভুক্তভোগীর ছেলে মোহাম্মদ আকতার হোছাইন বলেন, আমার বাবা সকালে লবণের মাঠে গেলে তারা নির্বিচারে হামলে পড়ে। আমাদের মাথার ঘাম পায়ে ফেলে উৎপাদন করা লবণ লুট করে নিয়ে গেছে। ওরা রেজাউল হক চৌধুরীর প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে লবণ চাষিদের ওপর জুলুম করে আসছে। তাদের ভয়ে এলাকায় কেউ মুখ খুলতে পারে না।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে বাঁশখালী উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও ছনুয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রেজাউল হক চৌধুরী বলেন, জাতীয় নির্বাচনের পর থেকে আমি চট্টগ্রাম শহরের নিজ বাসায় অবস্থান করছি। এ বিষয়ে আমি কিছুই জানি না।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ সাইফুল্লাহ বলেন, বিষয়টি আমাকে ফোনে মৌখিকভাবে জানানো হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এসআর