বাংলাদেশের প্রধানমন্ত্রীর শপথ নেওয়া তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একই সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্ত্রী ও কন্যাসহ সপরিবারে ভারত সফরের আমন্ত্রণও জানিয়েছেন তিনি। মঙ্গলবার বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে লেখা এক চিঠিতে ওই আমন্ত্রণ জানান মোদি।
এর আগে, মঙ্গলবার ঢাকায় তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে নরেন্দ্র মোদির লেখা চিঠি হস্তান্তর করেন ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা। চিঠিতে বাংলাদেশের নবনিযুক্ত প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে ভারত সফরের আমন্ত্রণ জানান মোদি।
চিঠিতে ভারতের প্রধানমন্ত্রী লিখেছেন, বাংলাদেশে সদ্য সমাপ্ত সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) বিজয় এবং বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়ায় আমি আপনাকে আন্তরিক অভিনন্দন জানাই।
চিঠিতে প্রধানমন্ত্রী তারেক রহমান, তার স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং কন্যা জাইমাকে নিয়ে সুবিধাজনক সময়ে ভারত সফরের আমন্ত্রণ জানান মোদি। অভিনন্দন বার্তায় তিনি লেখেন, ‘‘আপনাকে উষ্ণ অভ্যর্থনা জানানোর অপেক্ষায় রয়েছে ভারত।’’
প্রধানমন্ত্রীকে তারেক রহমানের নেতৃত্ব দেশকে শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির পথে এগিয়ে নেবে বলেও আশা প্রকাশ করেছেন মোদি। একই সঙ্গে তিনি ভারত ও বাংলাদেশের অভিন্ন ইতিহাস, সাংস্কৃতিক বন্ধন ও যৌথ আকাঙ্ক্ষার ওপর গড়ে ওঠা গভীরভাবে প্রোথিত বন্ধুত্বের আশাবাদ পুনর্ব্যক্ত করেন।
এর আগে, গত বছরের ডিসেম্বরে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও তারেক রহমানের মা বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের মাধ্যমে তারেক রহমানের কাছে একটি শোকবার্তা পাঠান দেশটির প্রধানমন্ত্রী মোদি।
চিঠিতে শোক প্রকাশ করে মোদি লেখেন, ২০১৫ সালের জুনে ঢাকায় বেগম খালেদা জিয়ার সঙ্গে আমার সাক্ষাৎ ও আলোচনা আমি শ্রদ্ধাভরে স্মরণ করি। তিনি লেখেন, বেগম খালেদা জিয়া ছিলেন বিরল দৃঢ়তা ও প্রত্যয়ের এক নেতা এবং তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হওয়ার গৌরব অর্জন করেছিলেন। বাংলাদেশের উন্নয়ন এবং ভারত-বাংলাদেশ সম্পর্ক জোরদারে বহু গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তিনি।
সূত্র: এনডিটিভি
এবি