নারায়ণগঞ্জের রূপগঞ্জে হেকমত আলী (৪০) নামে এক ব্যবসায়ীকে হত্যার দায়ে রফিকুল ইসলাম সবুজ (৩০) নামে একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তার ভাই মাহফুজুর রহমানকে (২৬) ৫ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ মো. আবু শামীম আজাদ এই রায় ঘোষণা করেন। কোর্ট পুলিশ পরিদর্শক মো. আব্দুস সামাদ (পিপিএম) এ তথ্য নিশ্চিত করেছেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রফিকুল ইসলাম সবুজ রূপগঞ্জের মোল্লাবাড়ির ইয়াকুব হোসাইনের ছেলে। কারাদণ্ডপ্রাপ্ত মাহফুজুর রহমান সবুজের ভাই। রায় ঘোষণার সময় আসামি মাহফুজুর রহমান আদালতে উপস্থিত ছিলেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, হেকমত আলী ভুলতার নুর ম্যানশন মার্কেটে মোটর পার্টসের একটি দোকান পরিচালনা করতেন। ২০২০ সালের ৪ এপ্রিল থেকে তিনি নিখোঁজ ছিলেন।
পরবর্তীতে ১৪ এপ্রিল তার দোকানের কর্মচারী রফিকুল ইসলাম সবুজ, তার ভাই মাহফুজুর রহমান, মামুন মিয়া ও বাবা ইয়াকুব মোল্লাকে আসামি করে অপহরণ ও গুমের অভিযোগে মামলা করেন হেকমতের স্ত্রী রোকসানা বেগম। আসামিদের মধ্যে রফিকুল ইসলাম সবুজকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে তিনি হত্যার কথা স্বীকার করেন।
সবুজ জানান, শ্বাসরোধ করে হত্যার পর বস্তাবন্দি মরদেহ ড্রামের ভেতরে ঢুকিয়ে সিমেন্ট দিয়ে ঢালাই করে মুখ বন্ধ করে দেওয়া হয়। পরে সেটি একটি মাছের খামারে ফেলে দেওয়া হয়। নিখোঁজের তিন মাস পর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় আদালত সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আজ এই রায় ঘোষণা করেন।
এনআই