মাগুরা-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মনোয়ার হোসেন খান মাগুরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করেছেন।
রবিবার (২২ ফেব্রুয়ারি) বিকালে মাগুরা প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সাথে তিনি মতবিনিময় করেন এবং আগামীতে মাগুরার অবকাঠামো উন্নয়নের বিষয় নিয়ে আলোচনা করেন।
মনোয়ার হোসেন বলেন, আমি মাগুরার উন্নয়নে কাজ করতে চাই। যারা এই জেলায় দুর্নীতি ও চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকবে তাদেরকে প্রতিহত করা হবে। মাগুরা জেলায় দুর্নীতি ও চাঁদাবাজের ঠাই হবে না বলে কঠোর হুশিয়ারি করেন তিনি।
তিনি আরও বলেন, জেলায় স্বাস্থ্য, শিক্ষা ও অর্থনীতির উন্নয়নের জন্য আমি কাজ করবো। আপনারা আমাকে সহযোগিতা করুন আমি যেন পরিচ্ছন্ন মাগুরা হিসেবে গড়ে তুলতে পারি।
এছাড়াও বাজারে কোথাও অযৌক্তিক মূল্যবৃদ্ধি, মজুতদারি বা কারসাজির প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রশাসনের সহযোগিতায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। কোনো অসাধু চক্রকে মাগুরার মানুষের কষ্টের কারণ হতে দেওয়া হবে না বলেও জানান তিনি।
সামাজিক সম্প্রীতি রক্ষার বিষয়েও কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে কোনো ধরনের হামলা বা সহিংসতার ঘটনা ঘটলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এ সময় মনোয়ার খানের সঙ্গে জেলার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, সাংবাদিক শরীফ তেহেরান টুটুল, শাহীন আলম তুহিন, ফয়সাল পারভেজ ও শরীফ স্বাধীন প্রমুখ। মতবিনিময় সভায় মাগুরা প্রেসক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এসআর