কুড়িগ্রামের ফুলবাড়ীতে পচা গরুর মাংস বিক্রির অভিযোগে ইকরামুল হক নামে এক মাংস বিক্রেতাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে এক মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে ফুলবাড়ী বাজারে এই আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসাইন। দণ্ডপ্রাপ্ত ইকরামুল হক উপজেলার সদর ইউনিয়নের চন্দ্রখানা গ্রামের ওমর আলীর ছেলে।
অভিযানকালে উপস্থিত ছিলেন উপজেলা ভেটেরিনারি সার্জন গোলাম মওদুদ আহমেদ ও ফুলবাড়ী থানা পুলিশের সদস্যরা।
জানা গেছে, বিকেল সাড়ে ৪টার দিকে ফুলবাড়ী বাজারে পচা গরুর মাংস বিক্রির সময় কসাই একরামুল হককে হাতেনাতে আটক করে স্থানীয় জনতা। এরপর তারা পুলিশ ও উপজেলা প্রশাসনকে খবর দিলে সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থলে উপস্থিত হন। পচা মাংস বিক্রির সত্যতা পেয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ওই মাংস বিক্রেতাকে অর্থদণ্ড ও কারাদণ্ড প্রদান করা হয়।
পরবর্তীতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভেটেরিনারি সার্জনের উপস্থিতিতে জব্দকৃত পচা মাংস জনসম্মুখে মাটিতে পুঁতে ধ্বংস করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসাইন জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে পচা মাংস বিক্রির অভিযোগে ১০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়। অভিযুক্ত ব্যক্তি তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করেন। রমজান মাসে জনস্বাস্থ্যের ক্ষতি করে এমন কোনো কার্যক্রম বরদাস্ত করা হবে না এবং এ ধরনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
এনআই