কচুয়া উপজেলায় গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় তিনজন দগ্ধ হয়েছেন। দগ্ধরা হলেন, খাদিজা আক্তার (৩০), মাহমুদুল হাসান (৩৬) ও শিউলি আক্তার (৪০)।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে তাদের দগ্ধ অবস্থায় উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট-এর জরুরি বিভাগে নেওয়া হয়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান জানান, সকাল সাড়ে ৮টার দিকে চাঁদপুর থেকে তিনজন দগ্ধ রোগী আনা হয়। তাদের মধ্যে খাদিজা আক্তার ৩৫ শতাংশ, মাহমুদুল হাসান ৪ শতাংশ এবং শিউলি আক্তার ২ শতাংশ দগ্ধ হয়েছেন। গুরুতর অবস্থায় খাদিজাকে ভর্তি করা হয়েছে। অন্য দুজনকে জরুরি বিভাগে পর্যবেক্ষণে রাখা হয়েছে।বিস্ফোরণের কারণ অনুসন্ধানে স্থানীয়ভাবে খোঁজখবর নেওয়া হচ্ছে বলে জানা গেছে।
এসআর