সারের ডিলাররা অনিয়ম করে কৃত্রিম সংকট তৈরি করলে ডিলারদের লাইসেন্স বাতিল করার নির্দেশনা দিয়েছেন ঠাকুরগাঁও ২ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য ডা: আব্দুস সালাম।
বুধবার সন্ধ্যায় শপথ গ্রহণের পর প্রথমবার এলাকায় এসে বালিয়াডাঙ্গী উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় কৃষি কর্মকর্তাকে তিনি এ নির্দেশনা দেন।
সংসদ সদস্য বলেন, এই উপজেলায় কৃষকদের সবচেয়ে বড় সমস্যা সার সংকট। তারা ভোটের আগে আমাকে এই দুর্ভোগের বিষয়ে বার বার অবগত করেছে। কৃষি নির্ভর এই আসনের মানুষের জন্য প্রথমকাজ হিসেবে এটা দ্রুত বাস্তবায়ন করতে চাই। ডিলাররা সার সংকট তৈরি করলে তাদের লাইসেন্স বাতিল করুন। কোন অনিয়মকে প্রশ্রয় দেওয়া হবে না।
এলাকায় মাদক-চুরি ও চাঁদাবাজির প্রসঙ্গ তুলে উদ্বেগ প্রকাশ করেন স্থানীয় সংসদ সদস্য ডা: আব্দুস সালাম। তিনি বলেন, বিগত সরকারের আমলে কি হয়েছে, তা শুনতে চাই না। নতুন করে সবকিছু শুরু করতে চাই। এলাকা হবে মাদক মুক্ত, চুরি ছিনতাই নিয়ন্ত্রণ করতে হবে-আর চাঁদাবাজদের কোন ঠাই নেই। ধরে সোজা পুলিশে দিবেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার দাসের সভাপতিত্বে এতে বক্তব্য এতে আরও বক্তব্য দেন বালিয়াডাঙ্গী থানার ওসি বুলবুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) আহসান উল হক, উপজেলা বিএনপি'র সাবেক সভাপতি এ্যাড. সৈয়দ আলম, আহ্বায়ক এ্যাড ইউসুফ আলী, উপজেলা বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক ড. টিএম মাহবুবর রহমান, উপজেলা প্রকৌশলী মাইনুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সামিয়েল মার্ডিসহ অন্যান্য কর্মকর্তারা এতে বক্তব্য দেন।
এফএস