ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধের মধ্যে বরখাস্ত হয়েছেন মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোয়েম। যুক্তরাষ্ট্রে অভিবাসীদের ধরপাকড় বিতর্কে কংগ্রেসের চাপের মুখে তাকে সরিয়ে দিয়েছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
বৃহস্পতিবার (০৫ মার্চ) সামাজিক মাধ্যমে এক পোস্টে ট্রাম্প জানান, নতুন দায়িত্ব পাচ্ছেন ওকলাহোমার সিনেটর মার্কওয়েন মুলিন।
ইরানে মার্কিন ও ইসরাইলি যৌথ বাহিনীর হামলা যখন চলছে, তখন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতির মঞ্চে ক্ষমতার করিডোরে নতুন নাটক। গেল বছর জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদের সরকার গঠনের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন অভিবাসন প্রত্যাশীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান শুরু করে।
আর এই অভিযানের নেতৃত্বে দিয়ে মাত্র এক বছরে যিনি ছয় লাখেরও বেশি মানুষকে যুক্তরাষ্ট্র থেকে বের করে দিয়েছেন, সেই মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি প্রধান ক্রিস্টি নোয়েম নিজেই এখন আউট।
বৃহস্পতিবার সামাজিক মাধ্যম এক্স-এ প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেন, নতুন হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী হচ্ছেন মার্কওয়েন মুলিন। আগামী ৩১ মার্চ দায়িত্ব নিবেন তিনি।
তবে ট্রাম্প বলেন, সাবেক মন্ত্রী ক্রিস্টি নোয়েমকে পশ্চিম গোলার্ধের নিরাপত্তার জন্য বিশেষ দূত নিয়োগ করা হচ্ছে। এজন্য ‘দ্য শিল্ড অব দ্য আমেরিকাস’ নামে নতুন এক পদ সৃষ্টি করেছেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প ক্রিস্টি নোয়েমের কাজেরও প্রশংসা করেন।
গেল মঙ্গলবার অভিবাসন বিরোধী অভিযানে নানা বিতর্কের কারণে, বিশেষ করে ফেডারেল এজেন্টদের হাতে মার্কিন নাগরিক নিহত হওয়া, নিজের প্রধান উপদেষ্টার সাথে প্রেমের সম্পর্ক ও অর্থনৈতিক অনিয়ম-সহ বেশ কিছু ঘটনায় সিনেটে বিচার বিভাগীয় তদন্ত কমিটির মুখোমুখি হন ক্রিস্টি নোয়েম।
শুনানিতে নিজ দলের রিপাবলিকান সদস্যদের কড়া প্রশ্নবানের মুখে পড়েন হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী। শুনানিতে ক্রিস্টি বিভিন্ন বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পকে জড়িয়ে বক্তব্য দেন। বিশ্লেষকদের ধারণা, এ কারণেই পদ হারাতে হয়েছে তাকে।
হোমল্যান্ড সিকিউরিটি প্রধান হিসেবে মনোনয়ন পাওয়া মার্কওয়েন মুলিন ওকলাহোমা অঙ্গরাজ্যের রিপাবলিকান সিনেটর। টেলিভিশনে মুলিনকে দেখে পছন্দ করেন ট্রাম্প।
প্রেসিডেন্টের ক্যাবিনেটের অনেকেই বলেছেন, মুলিনের টিভি পারফরম্যান্সই তাকে নিয়োগের ব্যাপারে ভুমিকা রেখেছে। যেখানে বিরোধীদলকে ভালোভাবে মোকাবিলা করেন তিনি। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেছেন, যত দ্রুত সম্ভব মুলিনের নিয়োগ নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে ট্রাম্প প্রশাসন।
এমআর-২