দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে প্রার্থী হওয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ফরিদপুর জেলা কমিটির আহ্বায়ক মো. হাসিবুর রহমানকে (অপু ঠাকুর) দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাতে কেন্দ্রীয় দপ্তর সেল থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
জানা গেছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ফরিদপুর-১ (আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালী) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন হাসিবুর রহমান অপু। বর্তমানে এই আসনে জামায়াতে ইসলামীর নেতৃত্বে ১০ দলীয় জোটের একক প্রার্থী হিসেবে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন অধ্যাপক ড. ইলিয়াস মোল্যা। জোটগত সিদ্ধান্ত অনুযায়ী শরিক দলগুলোর একক প্রার্থীকে সমর্থন দেওয়ার কথা থাকলেও হাসিবুর রহমান তা অমান্য করে নির্বাচনী মাঠে রয়েছেন।
এনসিপির কেন্দ্রীয় দপ্তর সেলের সদস্য মো. তৌহিদ আহমেদ আশিক স্বাক্ষরিত পত্রে উল্লেখ করা হয়, 'সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গ এবং কেন্দ্রীয় নির্দেশ অমান্য করায় দলের আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশক্রমে হাসিবুর রহমানকে দলের সকল দায়িত্ব ও পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো।'
উল্লেখ্য, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বর্তমানে ১০ দলীয় জোটের অন্যতম শরিক। জোটের অভ্যন্তরীণ ঐক্য বজায় রাখতে এবং শৃঙ্খলা রক্ষায় হাইকমান্ড এই কঠোর ব্যবস্থা নিয়েছে বলে জানা গেছে।
ইখা