মুন্সিগঞ্জর শ্রীনগরে মূল্য তালিকা প্রদর্শন না করা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত করার দায়ে দুটি প্রতিষ্ঠানকে মোট ৯ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (০৪ মার্চ) দুপুর সাড়ে ১২টা থেকে ২টা পর্যন্ত শ্রীনগর বাজারে এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মুন্সিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ।
এসময় ধ্রুব এন্টারপ্রাইজ নামের একটি ফলের দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দোকানটির মালিক সাধন চন্দ্র দে-কে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া বিক্রমপুর কাচ্চি বিরিয়ানি অ্যান্ড রেস্টুরেন্টে অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত এবং রান্নাঘরে ডাস্টবিন উন্মুক্ত অবস্থায় রাখায় রেস্টুরেন্টটির মালিক মোহাম্মদ আল ইসলামকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।
একই সঙ্গে প্রতিষ্ঠানটিকে পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশে ও স্বাস্থ্যসম্মত প্রক্রিয়ায় খাদ্যদ্রব্য প্রস্তুতের কঠোর নির্দেশনা দেওয়া হয়।
এ বিষয়ে সহকারী পরিচালক আসিফ আল আজাদ বলেন, ভোক্তাদের স্বার্থ রক্ষায় নিয়মিত বাজার তদারকি ও অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্য করলে ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এসআর