কুষ্টিয়ায় মিরপুর উপজেলার আমলা ইউনিয়ন পরিষদের মেম্বার থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন কুষ্টিয়া জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির আব্দুল গফুর।
১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে জামায়াত মনোনীত প্রার্থী আব্দুল গফুর প্রায় ৪৬ হাজার ভোটের ব্যবধানে বিএনপি প্রার্থী ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী কে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন।
জানা যায়, জামায়াত নেতা আব্দুল গফুর এর আগে ৩৩ বছর জনপ্রতিনিধি ছিলেন। সর্বপ্রথম দুইবার ইউপি সদস্য, তিনবার ইউপি চেয়ারম্যান, একবার উপজেলা চেয়ারম্যান থেকে প্রথমবার সংসদ নির্বাচন করে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। উল্লেখ্য তার জীবনে কোন নির্বাচনে তিনি পরাজিত হন নাই।
এ ব্যাপারে নবনির্বাচিত সংসদ সদস্য আব্দুল গফুর বলেন, ‘উপজেলার অঞ্জনগাছি গ্রামে আমাদের বাড়ি ছিল। ইউপি নির্বাচনে আমাদের সমাজ থেকে প্রতি বছর একজন ব্যক্তি ইউপি সদস্য হিসেবে নির্বাচনে অংশ নিতেন রেওয়াজ অনুযায়ী। আমার বাবাও ইউপি মেম্বার ছিলেন। ১৯৮২ সালে সমাজ থেকে একজন ব্যক্তির নাম ঘোষণা করা হয়। শেষ পর্যন্ত নির্বাচনের ঠিক আগ দিয়ে তিনি নির্বাচন করতে অনীহা প্রকাশ করেন। শেষ পর্যন্ত সমাজ মিটিং ডেকে হঠাৎ করেই আমাকে প্রার্থী করে। আমি তখন বয়সে তরুণ। লেখাপড়া করি। আমি তখন খুব একটা লোকজনের সাথে মিশতাম না। নির্বাচন করবো এমন ভাবনাও ছিল না। অপ্রস্তুত ছিলাম। এরপর সবার অনুরোধে ইউপি সদস্য পদে দাঁড়িয়ে আমি জয়লাভ করি। পরের বার আবার নির্বাচনে দাঁড়িয়ে একই পদে জয় লাভ করি। এরপর আমলা ইউনিয়ন থেকে ইউপি চেয়ারম্যান পদে নির্বাচন করে জয়লাভ করি। এক টানা ১৫ বছর চেয়ারম্যান ছিলাম। ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার উপজেলা নির্বাচনের তপশিল হলে ইউপি চেয়ারম্যান থেকে পদত্যাগ করে মিরপুর উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে বিপুল ভোটে জয়ী হয়।
আব্দুল গফুর আরো বলেন, ‘জীবনে কখনো ভাবিনি সংসদ নির্বাচন করবো। ২০০৯ সালে উপজেলা চেয়ারম্যান থাকাকালীন ওই সময় মোল্লা মাহমুদ হাসান নামের একজন ইউএনও ছিলেন। তিনি আমাকে দেখে বলেছিলে আপনি এক সময় এমপি হবেন। আমি তখন বলেছিলাম, এমপি হবো এমন স্বপ্ন আমি কখনো দেখি না। এরপর আল্লাহর অশেষ রহমতে এবার নির্বাচিত হয়েছি। এটা বড় পাওয়া। আমি এলাকার মানুষের উন্নয়নে আমৃত্যু কাজ করে যেতে চাই। এলাকার সমস্যা চিহ্নিত করে সেগুলো নিরসনে কাজ করে যাব, ইনশাআল্লাহ।
উল্লেখ্য এমপি আব্দুল গফুর কুষ্টিয়ায় মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের অন্জনগাছি গ্রামে জন্মগ্রহণ করেন।
এসআর