মুন্সিগঞ্জ পৌরসভার চর হায়দ্রাবাদ এলাকার ব্যাটারিচালিত অটোরিকশা চালক সাকিল খালাসী (২৪) হত্যার ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে ছিনতাইয়ের পর বিক্রি করে দেওয়া অটোরিকশাটিও উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন—রাজন শেখ (২৫), ইমরান সরকার (১৯), শরীফ সুলতান আফসু (২৫) ও মো. ইউসুফ গাজী (৬০)। তাদের বাড়ি সদর উপজেলার উত্তর চরমশুরা ও শহরের দক্ষিণ ইসলামপুর এলাকায়।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে নিজ কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন পুলিশ সুপার মো. মেনহাজুল আলম।
তিনি জানান, গত রবিবার বিকেলে মুন্সিগঞ্জ পৌরসভার রমজানবেগ এলাকার কাশবন থেকে নিখোঁজ অটোরিকশা চালক সাকিলের অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। ওই দিনই জেলা ডিবি ও সদর থানা পুলিশের যৌথ অভিযানে এই হত্যার সঙ্গে জড়িত ৪ জনকে গ্রেপ্তার করা হয়।
প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার আরও জানান, গ্রেপ্তার শরীফ সুলতান আফসু জুয়া খেলায় ২৫ হাজার টাকা ধার নিয়েছিলেন। সেই টাকা পরিশোধ করতে বন্ধুদের নিয়ে তিনি অটোরিকশা ছিনতাইয়ের পরিকল্পনা করেন। গত ১৭ জানুয়ারি দুপুরে ঘুরতে যাওয়ার কথা বলে তারা সাকিলের অটোরিকশায় ওঠেন। ওই দিন সন্ধ্যার দিকে চরকিশোরগঞ্জ এলাকার ‘মিনি কক্সবাজার’-এর অদূরে মাফলার দিয়ে পেঁচিয়ে সাকিলের শ্বাসরোধ করে মৃত্যু নিশ্চিত করা হয়। পরে ইউসুফ গাজীর কাছে ২০ হাজার টাকায় অটোরিকশাটি বিক্রি করে দেন তারা।
এনআই