নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় মৎস্য খামারের মাটি কাটার সময় এক ভেকু চালককে বেধড়ক পিটিয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবি করার অভিযোগ উঠেছে স্থানীয় একটি সন্ত্রাসী ও চাঁদাবাজ চক্রের বিরুদ্ধে।
রবিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে সাবেক চেয়ারম্যান আবদুল মতিন তোতার ছেলে ইব্রাহিম তোতাকে প্রধান আসামি করে ১৪ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ভেকু চালক সোহাগ। এর আগে গত শনিবার সন্ধ্যায় উপজেলার চরবালুয়া ৬নং ওয়ার্ডের তিনের খালের উত্তর পাশে এই হামলার ঘটনা ঘটে।
এজাহার সূত্রে জানা যায়, স্থানীয় সোহেল নামের এক ব্যক্তির জমিতে মাছের খামার তৈরির কাজ করছিলেন ভেকু চালক সোহাগ। ঘটনার দিন সন্ধ্যায় ইব্রাহিম তোতার নির্দেশে ১০-১৫ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্র, লোহার রড ও পাইপ নিয়ে তাঁর ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তারা কাজ বন্ধ করতে বলে এবং চালকের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে।
চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সন্ত্রাসীরা চালক সোহাগকে গাড়ি থেকে টেনে-হিঁচড়ে নামিয়ে এলাপাথাড়ি কিল-ঘুষি ও লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে জখম করে। একপর্যায়ে রিপন নামের এক সন্ত্রাসী চলন্ত গাড়ির চাবি ছিনিয়ে নেয়। এরপর অভিযুক্তরা রড ও পাইপ দিয়ে পিটিয়ে এসকেভেটর (ভেকু) মেশিনে ব্যাপক ভাঙচুর চালায়।
ভুক্তভোগী সোহাগ আরও অভিযোগ করেন, চাবি নিয়ে যাওয়ার সময় সন্ত্রাসীরা তাঁকে হুমকি দিয়ে বলে— ৫ লাখ টাকা চাঁদা না দিলে এলাকায় কাজ করতে দেওয়া হবে না এবং কাজ করলে তাঁকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়।
এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার চরবালুয়া পুলিশ ক্যাম্পের দায়িত্বরত উপ-পরিদর্শক (এসআই) শিমুল জানান, অভিযোগ পেয়ে সোমবার দুপুরে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তদন্ত শেষে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এনআই