ইরানে হামলা নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সমালোচনা করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপে পারমাণবিক অস্ত্র তৈরির প্রবণতা বাড়তে পারে বলেও মনে করেন তিনি।
রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ইরানের বিরুদ্ধে তাদের (যুক্তরাষ্ট্র-ইসরায়েল) যুদ্ধ ঠিক সেই ফলাফলের দিকে নিয়ে যেতে পারে, যা তারা রোধ করতে নেমেছে বলে দাবি করছে।’
ল্যাভরভ বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পদক্ষেপের যৌক্তিক ফল হতে পারে— আমেরিকানরা ইরানের যে পারমাণবিক বোমা অর্জনের বিষয়টি এড়াতে চায়, নিজেদের নিরাপত্তার জন্য ইরান তা অর্জন করবে।
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কারণ আমেরিকা তাদের ওপর আক্রমণ করে না যাদের কাছে ইতিমধ্যেই পারমাণবিক বোমা আছে।’ ল্যাভরভ আশঙ্কা প্রকাশ করেছেন, সাম্প্রতিক দিনের অভিজ্ঞতার কারণে আরব দেশগুলোও পারমাণবিক অস্ত্র অর্জনের প্রতিযোগিতায় যোগ দিতে পারে এবং পারমাণবিক বিস্তার নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে শুরু করবে।
সের্গেই ল্যাভরভ আরও বলেন, ‘পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধের নামে শুরু হওয়া যুদ্ধের আপাত মহৎ লক্ষ্য উল্টো ফলাফল দিতে পারে এবং নতুন সমস্যা সৃষ্টি করতে পারে।’
এমআর-২