দিনাজপুরের বিরামপুরে উপজেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর-এর যৌথ অভিযানে বিভিন্ন হোটেল ও সেমাই কারখানায় জরিমানা করা হয়েছে।
বুধবার (৪ মার্চ) দুপুরে পৌরশহরের ঢাকা মোড়ে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা সুলতানা নীলা এবং দিনাজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বোরহান উদ্দিন।
অভিযানে নিরিবিলি হোটেল ও ক্লাসিক হোটেলের কারখানায় বিভিন্ন অনিয়মের অভিযোগে মোট ৩ হাজার টাকা ও এক ফলের দোকানে ৫০০ টাকা জরিমানা করা হয়।
পরে পৌর শহরের শান্তি মোড়ে কিরণ সেমাই এবং কৃষ্টচাঁদপুর এলাকায় সৌখিন সেমাই কারখানায় অভিযান চালানো হয়।
অভিযানে দেখা যায়, সৌখিন সেমাই কারখানায় তেল ও ডালডা ব্যবহার করে সেমাই তৈরি করে তা ঘিয়ে ভাজা বলে বিক্রি করা হচ্ছিল। এ ধরনের প্রতারণার দায়ে প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে, কিরণ সেমাই কারখানাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে জেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা এবং বিরামপুর থানা-এর উপ-পরিদর্শক (এসআই) রকিবুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
এনআই