দিনাজপুরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ যৌন উত্তেজক সিরাপ উদ্ধার করেছে।
দিনাজপুরের ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯-বিজিবি)-এর অধীনস্থ কাটলা বিশেষ ক্যাম্প ও খানপুর বিওপি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব সিরাপ উদ্ধার করে।
শনিবার (১০ জানুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন ২৯-বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এম জাবের বিন জব্বার।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার (৯ জানুয়ারি) গভীর রাতে বিরামপুর উপজেলার কাটলা বিশেষ ক্যাম্প এবং দিনাজপুর সদর উপজেলার খানপুর সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে পৃথক দুটি অভিযান পরিচালনা করা হয়। এ সময় মালিকবিহীন অবস্থায় ৭৫৮ বোতল নিষিদ্ধ যৌন উত্তেজক সিরাপ উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত চোরাচালান পণ্যের আনুমানিক সিজার মূল্য ১ লাখ ১৩ হাজার ৭০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
এ বিষয়ে লেফটেন্যান্ট কর্নেল এ এম জাবের বিন জব্বার বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা কঠোর নজরদারি বজায় রেখেছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এনআই