পুরান ঢাকার নাজিরা বাজার এলাকায় একটি জুতার কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে।
শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যা সোয়া ৭টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টার আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ সম্পর্কে কিছু জানা যায়নি। পাশাপাশি অগ্নিকাণ্ডে কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস জানিয়েছে, সন্ধ্যা ৭টা ১৩ মিনিটে পুরান ঢাকার ওই কারখানায় আগুনের খবর পেয়ে ১০ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস। পরে একে একে চারটি ইউনিট প্রায় আধা ঘণ্টা চেষ্টার পর রাত পৌনে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক (জোন-১) মো. এনামুল হক জানান, জুতার কারখানাটি একটি চারতলা ভবনের তৃতীয় তলায় অবস্থিত। খবর পাওয়ার ১০ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। ইতোমধ্যে আগুন নিয়ন্ত্রণে এসেছে। বিস্তারিত তদন্তের পর আগুনের সূত্রপাত সম্পর্কে বলা যাবে।
এফএস