‘একটি রাষ্ট্রে নাগরিকের চেয়ে গুরুত্বপূর্ণ আর কোনো পদ নেই’—এই স্লোগান সামনে রেখে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চুয়াডাঙ্গা-১ আসনের প্রার্থীদের নিয়ে ব্যতিক্রমী ‘জনগণের মুখোমুখি’ অনুষ্ঠানের আয়োজন করেছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)।
বুধবার (২৮ জানুয়ারি) সকাল ১০টায় চুয়াডাঙ্গা পানি উন্নয়ন বোর্ডসংলগ্ন মুক্ত মঞ্চে সুজন চুয়াডাঙ্গা জেলা কমিটির উদ্যোগে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সরাসরি জনগণের সামনে হাজির করে তাঁদের পরিকল্পনা শোনা এবং ভোটারদের প্রশ্নের উত্তর দেওয়ার সুযোগ তৈরি করাই ছিল এ আয়োজনের উদ্দেশ্য।
অনুষ্ঠানে চুয়াডাঙ্গা-১ আসনের তিন প্রতিদ্বন্দ্বী প্রার্থী একই মঞ্চে উপস্থিত হয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বক্তব্য দেন। প্রার্থীরা হলেন—জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বিএনপির মনোনীত প্রার্থী মো. শরীফুজ্জামান শরীফ, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা শাখার সহসভাপতি ও দলীয় মনোনীত প্রার্থী জহুরুল ইসলাম আজিজি।
সুজন চুয়াডাঙ্গা জেলা কমিটির ফ্যাসিলিটেটর মেহেরাব্বিন সানভির সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও সুজন জেলা কমিটির সভাপতি অধ্যাপক সিদ্দিকুর রহমান। তিনি নাগরিক সচেতনতা বৃদ্ধি এবং সৎ ও যোগ্য প্রার্থী নির্বাচনের গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানে প্রার্থীরা তাঁদের নির্বাচনী অঙ্গীকার ও এলাকার উন্নয়নে ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। পরে প্রশ্নোত্তর পর্বে ভোটাররা সরাসরি এলাকার সমস্যা ও সম্ভাবনা নিয়ে প্রশ্ন করেন। প্রার্থীরা ধৈর্যসহকারে প্রশ্নের উত্তর দেন এবং নির্বাচিত হলে জনগণের সেবক হিসেবে কাজ করার অঙ্গীকার করেন। একই সঙ্গে তাঁরা একমত প্রকাশ করেন—ভোটে যিনিই নির্বাচিত হন না কেন, সবাই মিলে চুয়াডাঙ্গার উন্নয়নে কাজ করবেন।
নির্বাচনের উত্তাপের মধ্যে প্রধান রাজনৈতিক দলগুলোর প্রার্থীদের একই মঞ্চে অংশগ্রহণ সাধারণ ভোটারদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।
অনুষ্ঠানে গণমাধ্যমকর্মী, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধি, নারী উদ্যোক্তা, শিক্ষার্থী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
ইখা