বড় ধরনের দরপতনের পর সম্প্রতি কিছুটা ঘুরে দাঁড়িয়েছিল মূল্যবান ধাতুর বাজার। তবে সেই পুনরুদ্ধার বেশিদিন স্থায়ী হয়নি। বিশ্বব্যাপী প্রযুক্তি-নির্ভর শেয়ারবাজারে ধস এবং শক্তিশালী মার্কিন ডলারের চাপে আবারও বড় ব্যবধানে কমছে স্বর্ণ ও রুপার দাম।
বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (৬ ফেব্রুয়ারি) স্পট মার্কেটে স্বর্ণের দাম শূন্য দশমিক ৭ শতাংশ কমে প্রতি আউন্সে ৪ হাজার ৭৩৫ দশমিক ৯৯ ডলারে নেমে এসেছে। একই দিন এপ্রিলে ডেলিভারির মার্কিন স্বর্ণের ফিউচার ২ দশমিক ৮ শতাংশ কমে প্রতি আউন্সে ৪ হাজার ৭৫২ দশমিক ৪০ ডলারে দাঁড়িয়েছে।
রুপার বাজারেও বড় দরপতন দেখা গেছে। স্পট সিলভারের দাম ৩ দশমিক ২ শতাংশ কমে প্রতি আউন্স ৬৮ দশমিক ৯৭ ডলারে নেমে এসেছে। আগের সেশনেই রুপার দাম ১৯ দশমিক ১ শতাংশ পড়ে গিয়েছিল।
অন্যান্য মূল্যবান ধাতুর বাজারেও বড় ওঠানামা দেখা গেছে। ২৬ জানুয়ারি সর্বকালের সর্বোচ্চ ২ হাজার ৯১৮ দশমিক ৮০ ডলারে পৌঁছানোর পর স্পট প্লাটিনামের দাম ৩ দশমিক ৬ শতাংশ কমে প্রতি আউন্স ১ হাজার ৯১৬ দশমিক ৪৫ ডলারে নেমেছে। তবে প্যালাডিয়ামের দাম কিছুটা বেড়ে ১ দশমিক ৩ শতাংশ বেড়ে ১ হাজার ৬৩৮ দশমিক ২৫ ডলারে দাঁড়িয়েছে।
পিএম