জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে গাজীপুর মহানগরীর ভোটকেন্দ্রের আশপাশে অস্ত্র বহনের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাতে ওই আদেশ জারি করা হয়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. ইসরাইল হাওলদারের স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, পুলিশ আইনেরর ১৫(৬) অনুচ্ছেদ এবং গাজীপুর মহানগরী পুলিশ আইন ২০১৮ এর ২৯ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচন কমিশনের অনুমোদিত ব্যক্তি বা ব্যক্তিবর্গ ব্যতীত ভোটকেন্দ্রের নির্ধারিত চৌহদ্দির (প্রায় ৪০০ গজ) মধ্যে কোনো ধরনের আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক দ্রব্য, অনুযায়ী নিষিদ্ধ অস্ত্র, ফায়ারআর্মস, দেশীয় অস্ত্র, লাঠি বা যে কোনো ধরনের ধারালো কিংবা ভোঁতা অস্ত্র বহন সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।
নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। জনশৃঙ্খলা রক্ষা এবং ভোটারদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে এই গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে বলে জানিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।
এসআর