শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার এবং ইনকিলাব মঞ্চের কর্মসূচিতে হামলার প্রতিবাদে চট্টগ্রামের কর্ণফুলীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার চরলক্ষ্যা এলাকায় এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কর্ণফুলী উপজেলা শাখার যুগ্ম সমন্বয়কারী ইমরান হোসেন তারা। এ সময় উপস্থিত ছিলেন দলের চট্টগ্রাম দক্ষিণ জেলার সদস্য এহান ফয়সাল। আরও উপস্থিত ছিলেন উপজেলা সদস্য নওশাদুল ইসলাম, সোহরাব হোসেন সৈকত, আব্দুল আওয়াল রানা, মো. ফরিদ ও আরফিন সুমন। এ ছাড়া জাতীয় যুবশক্তি চট্টগ্রাম দক্ষিণ জেলার সংগঠক ইশতিয়াকুল ইসলাম ও আফতাব আকিব এবং জাতীয় ছাত্রশক্তি চট্টগ্রাম দক্ষিণ জেলার সংগঠক আকাশ ও মাউনসহ স্থানীয় নেতাকর্মীরা মিছিলে অংশ নেন।
মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে ইমরান হোসেন তারা বলেন, “শহীদ শরীফ ওসমান হাদি ছিলেন গণঅভ্যুত্থানের সম্মুখসারির একজন যোদ্ধা। তাঁর হত্যার বিচার নিশ্চিত করা সরকারের অন্যতম দায়িত্ব ছিল। কিন্তু অদৃশ্য কোনো চাপের কারণে সরকার এখনো তদন্ত প্রতিবেদন জমা দিতে পারেনি।”
তিনি আরও অভিযোগ করেন, ইনকিলাব মঞ্চ যখন জাতিসংঘের অধীনে নিরপেক্ষ তদন্তের দাবি তুলেছে, তখন সেই দাবি উপেক্ষা করে উল্টো শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা চালানো হয়েছে। এই হামলার ব্যাখ্যা সরকারকে জনগণের কাছে দিতে হবে।
সমাবেশে অন্য বক্তারা বলেন, শহীদ হাদির রক্ত বৃথা যেতে দেওয়া হবে না। দ্রুত তদন্ত শেষ করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তাঁরা। একই সঙ্গে ইনকিলাব মঞ্চের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলার নির্দেশদাতা ও জড়িতদের শনাক্ত করে বিচারের আওতায় আনার আহ্বান জানান বক্তারা।
এনআই